বাইরে আমার খেলতে মানা জুজুবুড়ির ভয়
ঘরের ভেতর একলা খেলার মজা কি আর হয়?
তবু যখন সোফার সিটে বানাই নিজের বাড়ি
দাদু বলেন, করছো একি! ধুত্তুরি ধুত্তুরি!
বেতের মোড়া উল্টো করে বানাই যখন ঘোড়া
রেগেমেগে চেঁচায় মায়ে করবি পাগল তোরা!
জানলা বেয়ে উঠি যদি গাছে ওঠার মতো
ধমকে আপু কান মলে দেয়, বাঁদরামো তোর যতো!
বইয়ের ওপর বই সাজিয়ে বানাই যদি পাহাড়
কড়া চোখে বাবাও বলেন, এই কি পড়ার বাহার!
চুপটি করে কাঁদি যদি সেটাও আবার দোষ,
বুঝি না ভাই আমিই কি সেই দোষের নন্দঘোষ!