নাঈম-লিটনের শুরুর ঝড়

এই ম্যাচের আগে ঘূর্ণিঝড় মাহার চোখ রাঙানি ছিল। আবহাওয়া বিভাগ বলছিল, ম্যাচের দিন এই ঝড়ের প্রভাবে রাজকোটে ভারী বৃষ্টি হতে পারে। সেই ঝড় আগের দিন একটু বাতাস চালিয়েই শান্ত হয়ে গেল। ম্যাচের দিন সকাল থেকেই রোদ ঝলমলে আবহাওয়া। তারপরও ঝড় দেখা গেল। ভারতের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে শুরুতে ঝড় তুললেন নাঈম শেখ ও লিটন দাস।

আগের ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করেছিল বাংলাদেশ। এই ম্যাচে টসে জিতল ভারত। তারাও আগে ফিল্ডিং করল। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বললেন, দ্বিতীয় ইনিংসে শিশির থাকতে পারে। তাই ব্যাটসম্যানদের সুবিধা দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ বললেন, টসে জিতলে তিনিও ফিল্ডিং করতেন আগে।

ম্যাচটা ভারতের জন্য ছিল দারুণ চাপের ম্যাচ। সিরিজ জেতার জন্য এই ম্যাচ জিততেই হতো তাদের। সেই চাপ অন্তত তাদের বোলার-ফিল্ডারদের ওপর বেশ দেখা গেল।

দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে নামল। পরিস্থিতিও অনেকটা অপরিবর্তিত রইল। আগের ম্যাচে নিজের শেষ চার বলে বাউন্ডারি হজম করা খলিল আহমেদ গতকাল নিজের প্রথম তিন বলে বাউন্ডারি হজম করলেন। মুশফিকুর রহিমের জায়গায় এবার টানা বাউন্ডারি মারলেন নাঈম।

নাঈম ও লিটন বাংলাদেশকে দারুণ একটা শুরু এনে দিলেন। প্রথম ৭ দশমিক ২ ওভারে বাংলাদেশ ৬০ রান তুলে ফেলল।

এর মধ্যে শুরু থেকে বেশি আক্রমণাত্মক ছিলেন নাঈম। তিনি ২৪ বলে ৩০ রান করে অপরাজিত আছেন; এর মধ্যে ৫টা চার। আর লিটন দাস ২১ বলে ২৯ রান করে আউট হয়েছেন।