এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ শুরু আজ

বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন উডেন ফ্লোর জিমনেসিয়ামে আজ শুরু হচ্ছে দুই দিনব্যাপী পঞ্চম সাউথ এশিয়ান কারাতে। বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা এবং ভুটান খেলবে এই লড়াইয়ে। এসএ গেমসের আগ মুহূর্তে এ ধরনের খেলা যে কোনো কারাতেকারদের জন্য সুফল বয়ে আনবে। তবে এবার শোনা যাচ্ছে নেপালে এসএ গেমসে ভারত খেলবে না। ভারত একটা শক্তিশালী দল এসএ গেমসের জন্য। তারা না খেললেও বাংলাদেশ সেটা নিয়ে ভাবছে না। বাংলাদেশ চাইছে এসএ গেমসে চার পাঁচটা সোনার পদক জয় করতে।

 বাইরের দেশের যারা ঢাকায় খেলবে প্রায় সবাই এসএ গেমেসও যাবেন। সেই সূত্রে বলা যায় গেমসের আগে একটা ভালো লড়াই করে নিজেদের শক্তি সামর্থ্যটা জানা যাবে। শ্রীলঙ্কা যেমন গুরুত্ব দিয়ে ঢাকার এই টুর্নামেন্ট উপলক্ষ্যে ৫০ লাখ টাকা বিমান ভাড়া খরচা করে খেলছে। ৫ দেশের ২৪৫ জন কারাতেকারকে দেখা যাবে সাউথ এশিয়ান এই টুর্নামেন্টে। গতকাল দুপুরে এনএসসি টাওয়ারে সংবাদ সম্মেলনে কারাতে ফেডারেশনের সভাপতি ড. মো. মোজাম্মেলন হক বলছিলেন এই টুর্নামেন্ট আয়োজন করে ৪টি বিষয় পাচ্ছি আমরা। অর্গানাইজিং ক্যাপাসিটি, খেলোয়াড়রা উত্সাহিত হবেন, ইমেজ বিল্ডআপ করা, এসএ গেমসের আগে নিজেদের দেখে নেওয়ার একটা সুযোগ।