বেনাপোলে দুই দিনব্যাপী ভ্যাট মেলা

বন্দরনগরী বেনাপোলে বুধবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ভ্যাট মেলা। প্রধান অতিথি হিসেবে ভ্যাট মেলার উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) মো. জামাল হোসেন। যশোর কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট ও বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে অ্যাসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই ভ্যাট মেলা। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজনের সভাপতিত্বে ভ্যাট মেলায় বিশেষ অতিথি ছিলেন বেনাপোল কাস্টম কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী, প্রকল্প পরিচালক, ভ্যাট অনলাইন প্রকল্পের কমিশনার সৈয়দ মুশফিকুর  রহমান ও যশোর কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মুহম্মদ জাকির হোসেন প্রমুখ। মেলায় মোট ১০টি স্টল রয়েছে। আমদানি ও রপ্তানিকারক সমিতি, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এবং ট্রান্সপোর্ট এজেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা স্টলগুলোতে ভিড় জমায় ১৩ ডিজিটের ভ্যাট নিবন্ধনের জন্য।