বিরামপুর চাঁদপুর মাদ্রাসায় জেডিসি পরীক্ষা কেন্দ্রে এক ছাত্রী অসুস্থ হওয়ার পর দায়িত্বে থাকা চিকিত্সককে ডাকা হলে তিনি আসেননি। তিনি ঐ ছাত্রীর চিকিত্সার জন্য পাঠান হাসপাতালের বাগান মালিকে। কেন্দ্র সচিব অধ্যক্ষ আ ছ ম হুমায়ুন কবীর জানান, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে জেডিসির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে পরীক্ষা চলছিল। বেলা ১১টার দিকে কানিকাটাল দারুল উলুম দাখিল মাদ্রাসার ছাত্রী ফাহিমা খাতুন মাথা ঘুরে পড়ে যায়। ডা. মশিউর রহমান বলেন, ‘বিগত পরীক্ষাতে দায়িত্বে থাকার পরও কেন্দ্র সচিব সম্মানী দেননি। এ কারণে পরীক্ষা কেন্দ্রে না গিয়ে হাসপাতালের ওষুধি বাগান মালি আতোয়ার রহমানকে পাঠিয়েছি।’
কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নূর হোসেন মিয়া ডাক্তারের এই আচরণে বিস্ময় প্রকাশ করে বলেন, ডাক্তার কাজটি ঠিক করেননি। বিরামপুর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম জানান, অনারিয়ামের কারণে অসুস্থ ছাত্রীকে চিকিত্সা দিতে না যাওয়ার বিষয়টি দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান জানান, পরীক্ষা কেন্দ্রে ছাত্রীকে চিকিত্সা দিতে না যাওয়ার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।