রাজশাহী মহানগরীর ৯ নম্বর ওয়ার্ডের দরগাপাড়ার বাসিন্দাদের বাধার মুখে মঙ্গলবার পদ্মাপাড়ের গাছ কাটা বন্ধ হয়েছে। বর্জ্য রাখার জন্য সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) তৈরি করতে রাজশাহী সিটি করপোরেশন ঐ গাছগুলো কাটছিল।
বুধবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউন্নবী এবং প্যানেল মেয়র-১ ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম স্থানীয়দের বোঝানোর চেষ্টা করছিলেন। কিন্তু তাদের কথায় সাড়া না দিয়ে স্থানীয় ব্যক্তিরা গাছ সংরক্ষণের দাবি জানান। পরে কাজ বন্ধ রাখার ঘোষণা দিয়ে চলে যান দুই কাউন্সিলর।
এ ব্যাপারে রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বলেন, এলাকার কিছু যুবক শুধু বর্জ্যের দুর্গন্ধের কথা ভেবে কাজে বাধা দিয়েছেন। এখন বিষয়টি রাসিকের মেয়রকে জানানো হবে। তবে মেয়র যদি না চান, তাহলে ঐ জায়গায় এসটিএস নির্মাণ করা হবে না।
এ বিষয়ে রাসিকের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, বড়কুঠি এলাকায় মুনসগার্ড পার্কের সামনে বর্জ্যের একটি স্টেশন রয়েছে। কিন্তু এটি নিয়ে প্রায়ই মানুষের আপত্তি শুনতে হয়। তাই সেটি দরগাপাড়ায় সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।