ময়মনসিংহের গৌরীপুর ডাকঘরে টাকা না থাকায় সঞ্চয়পত্র, সঞ্চয়পত্রের মুনাফাসহ বিভিন্ন অ্যাকাউন্ট থেকে গ্রাহকরা টাকা তুলতে পারছে না। প্রতিদিন ডাকঘরে দীর্ঘ সময় অপেক্ষার পর খালি হাতে বাড়ি ফেরায় গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ডাকঘরে সঞ্চয়পত্র বিক্রি বন্ধ থাকায় টাকার যোগান কমে যাওয়ায় এ অবস্থা হয়েছে বলে জানা গেছে। ডাকঘর থেকে জানানো হয়েছে, সঞ্চয়পত্র বিক্রি বন্ধ। তাই আয় একদম তলানিতে ঠেকেছে। এ কারণে সব গ্রাহকের সমস্যা সমাধান করা যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বুধবার বেলা ১১টায় গৌরীপুর ডাকঘরে গিয়ে দেখা যায়, টাকা উত্তোলনকারী গ্রাহকদের ভিড়। টাকা না পাওয়ায় বেশ ক্ষুব্ধ ও উত্তেজিত গ্রাহকদের সঙ্গে ডাক কর্মকর্তা ও কর্মচারীরদের বাগিবতণ্ডা হচ্ছে। এই নিয়ে কর্মকর্তারাও বেশ বিব্রত। সেবা নিতে আসা গ্রাহক সাইদুর রহমান লিটু বলেন, জরুরিভিত্তিতে ৫ লাখ টাকা প্রয়োজন। কিন্তু পোস্টমাস্টার টাকা দিচ্ছেন না। সেবার এই নমুনা দেখে আমি হতাশ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী গ্রাহক জানান, পরিবারের চিকিত্সার জন্য জরুরি টাকার প্রয়োজন। পোস্ট অফিসে এসে টাকার জন্য অনেক অনুনয়-বিনয় করলেও টাকা দেওয়া হয়নি। বলেছে এক সপ্তাহ পরে এসে যোগাযোগ করতে। এ বিষয়ে গৌরীপুর ডাকঘরের ভারপ্রাপ্ত পোস্টমাস্টার বজলুল হক বলেন, ‘সঞ্চয়পত্র বিক্রি বন্ধ হওয়ার পর থেকে পোস্ট অফিসে টাকা সংকট দেখা দিয়েছে। তাই সময়মতো গ্রাহককে টাকা দিতে একটু বিলম্ব হচ্ছে। গ্রাহকদের সমস্যার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ’