কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের নহল গ্রামের প্রবাসী আক্তার হোসেনের ছেলে তাফসির ইসলামকে (৫) অপহরণের তিন ঘণ্টা পর উদ্ধার করেছে মুরাদনগর থানা পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিশুটির দাদি, চাচাসহ চার জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। অপহরণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে দাদি ছাড়া অপর তিন জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আটককৃতরা হলেন—চাচা কবির হোসেন (৩৩), দাদি জোহরা বেগম (৬০), রায়তলা গ্রামের শাহ আলমের ছেলে দেলোয়ার হোসেন (২৬) ও নাগেরকান্দি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে রাসেল মিয়া (২২)।
বুধবার বিকালে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৮ নম্বর আমলি আদালতের বিচারক ইরফানুল হকের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে আদালত আটককৃতদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।