ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের আওতায় ধামরাইসহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় অর্ধসহস্র গুচ্ছ ব্যবসায়ীকে ৫ কোটি টাকা ক্ষুদ্র ঋণ সহায়তা দেবে বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই। গরু মোটাতাজাকরণ, দুগ্ধ খামার, মত্স্য চাষ, নিরাপদ সবজি উত্পাদন, হাঁসমুরগির খামার, হস্তশিল্পসহ ১৭ ধরনের গুচ্ছ ব্যবসায়ী এই ঋণ সুবিধা পাবেন। অনগ্রসর মানুষের আর্থিক উন্নয়নের কথা ভেবে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থার নির্বাহী পরিচালক সামছুল হক। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এসডিআই এ উপলক্ষ্যে ধামরাইয়ের সূতিপাড়া এফটিসিতে গত বুধবার দুইদিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন করে। পিকেএফএফ-এর এমডিপি কর্মকর্তা আশফাক মামুদ, এসডিআইয়ের সহকারী পরিচালক মো. অহিদ উল্যা, প্রোগ্রাম অফিসার মো. ইসমাইল হোসেন, সিনিয়র অডিটর মো. খোরশেদ আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাবিয়া সালাম প্রমুখ এতে অংশ নেন।