নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১০ টাকা কেজির চালসহ পিতা-পুত্রকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন চাল ব্যবসায়ী হাজী নুরুল ইসলাম নুরু ও তার ছেলে ছগির হোসেন। বুধবার সন্ধ্যায় উপজেলা উচিত্পুরা ইউনিয়নের শান্তিরবাজার এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৩৫৬ বস্তা সরকারি চাল, চাল বিক্রির নগদ ২ লাখ ৫০ হাজার টাকা এবং সরকারি চালের চার শতাধিক খালি বস্তা জব্দ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হোসেন জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় উপজেলার শান্তিরবাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় আদালত দেখতে পায় খাদ্যবান্ধব কর্মসূচি লেখা বস্তা খুলে কয়েক জন অন্য নতুন বস্তায় চাল ভরছে। এসময় ৩৫৬ বস্তা চাল, নগদ ২ লাখ ৫০ হাজার টাকা এবং সরকারি চালের চার শতাধিক খালি বস্তা জব্দ করা হয়। তিনি আরো জানান, এ চালগুলো কোথা থেকে এলো এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অনেক দিন যাবত্ দশ টাকা চাল কিনে বস্তা পরিবর্তন করে তারা ব্যবসা করছে বলে স্থানীয়রা আদালতকে জানায়। অভিযানে পুলিশের উপপরিদর্শক আতাউর রহমান ফোর্সসহ ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিলেন। এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাফর সাদিক বাদী হয়ে উক্ত ২ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। এ ঘটনায় উপজেলায় তোলপাড় শুরু হয়েছে।