নারী আইনজীবীকে নির্যাতনকারী শাওনের সাত দিনের রিমান্ড

মানিকগঞ্জে নারী আইনজীবীকে একটি কক্ষে আটকে রেখে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় তার স্বামী শাওন মিয়া ওরফে রুবেল মিয়াকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে ঢাকার শাহবাগ থেকে তাকে আটক করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. হানিফ সরকার বলেন, বৃহস্পতিবার ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে মানিকগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে ৯ নম্বর আদালতের বিচারক জান্নাতুল রাফিন সুলতানা অভিযুক্ত আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিনি বলেন, অভিযুক্ত আটক আসামি শাওন মিয়ার প্রকৃত নাম রুবেল মিয়া। তার বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নের বসন্তপুর গ্রামে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে মামলা আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আসামি শাওন ওরফে রুবেল নারী আইনজীবী কামরুন্নাহার সেতুকে প্রতারণা করে বিয়ে এবং তাকে নির্যাতনসহ তার কাছ থেকে ১০ লাখ টাকা নেওয়ার কথা স্বীকার করেছে। তদন্তে সব বেরিয়ে আসবে বলে জানিয়েছেন তিনি।

কোর্ট ইন্সপেক্টর হাবিবুল্লাহ সরকার বলেন, অভিযুক্ত আসামির পক্ষে কোনো আইনজীবীই আদালতে দাঁড়াননি। সকল আইনজীবীই নির্যাতিত নারী আইনজীবীর পক্ষে দাঁড়িয়ে আসামির রিমান্ডের দাবি জানান।