তাইওয়ান আশঙ্কা প্রকাশ করে বলেছে, তারা যে কোনও সময় চীনের সামরিক হামলার মুখে পড়তে পারে। বাণিজ্যযুদ্ধের কারণে চীন তাদের অর্থনীতির ধীরগতি থেকে জনগণের মনোযোগ সরাতেই এমন পদক্ষেপ নিতে পারে বলে জানিয়েছেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ। এক সাক্ষাত্কারে জোসেফ যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্যযুদ্ধের বিষয়টি তুলে ধরে বেইজিংয়ের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়ার দিকে ইঙ্গিত করেন। তিনি বলেন, বাণিজ্যযুদ্ধের মুখে চীনের অর্থনৈতিক মন্দা মারাত্মক আকার ধারণ করলে এবং তা চীনা কমিউনিস্ট পার্টির বৈধতার জন্য হুমকি হয়ে উঠলে কিংবা পরিস্থিতি শীর্ষ নেতাদের আয়ত্বের বাইরে চলে গেলে বেইজিং তাইওয়ানের সঙ্গে সামরিক সংঘাতের পথে যেতে পারে। তিনি বলেন, ওই পরিস্থিতির কারণে আমাদেরকে খুবই সতর্ক হতে হবে।