রোহিঙ্গা-সংকটের অবসান ও উন্নয়ন লক্ষ্য অর্জনে বৈশ্বিক সহায়তা চায় ঢাকা

রোহিঙ্গা-সংকটের অবসানসহ আগামীর চ্যালেঞ্জগুলো অতিক্রম করে বাংলাদেশের উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য বৈশ্বিক সহায়তা চায় বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে ‘স্পেশাল ব্রিফিং অন কনটেম্পরারি পলিটিক্যাল ইস্যুজ’ শীর্ষক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ কথা বলেন। ঢাকায় দায়িত্বরত কূটনীতিকদের জন্য আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপকমিটি এই ব্রিফিংয়ের আয়োজন করে। অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বের আগে স্বাগত বক্তব্য রাখেন উপকমিটির সম্পাদক ড. শাম্মী আহমেদ। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, উপকমিটির সভাপতি সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাহ আলী ফরহাদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘আমি অংশীদারিত্বে বিশ্বাস করি। আমি সহযোগিতায় বিশ্বাস করি। আমাদের লক্ষ্যগুলো অর্জনে সবার সাহায্য ও সমর্থন দরকার। আগামীতে উন্নয়ন লক্ষ্যগুলো অর্জন করবে বাংলাদেশ, এতে সন্দেহের কিছু নেই।’ পররাষ্ট্রমন্ত্রী জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরে বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা প্রয়োজন। কারণ এ কাজ বাংলাদেশ একা করতে পারবে না।

রোহিঙ্গা-সংকট সমাধানে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর আরো চাপ প্রয়োগের আহ্বান জানান। তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র সমাধান।