মেঘালয়ের বিনিয়োগ প্রত্যাশা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারস্পরিক সুবিধার্থে বাংলাদেশে ভারতীয় রাজ্য মেঘালয়ের বিনিয়োগ প্রত্যাশা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনার্ড সাংমা সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী একথা বলেন।

মেঘালয়ের উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন বিশেষ করে পার্শ্ববর্তী সিলেট অঞ্চলে। যেহেতু সুনামগঞ্জে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গতকাল বিকালে গণভবনে বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে একথা বলেন।

শেখ হাসিনা বলেন, সুনামগঞ্জে প্রায় ২ হাজার একর জমির ওপর বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালীকরণের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, মেঘালয় থেকে নুড়ি (পাথর) আমদানি করতে বাংলাদেশ ব্যবহার করতে পারে যেহেতু নদীপথ ব্যবহার ব্যয় সাশ্রয়ী হয়।

দলের অন্য সদস্যরা হচ্ছেন—মেঘালয়ের বাণিজ্য ও শিল্পমন্ত্রী স্নিয়াওভালং ধর, শিক্ষামন্ত্রী ল্যাকমেন রিমবুই এবং কৃষিমন্ত্রী বেনটিওডর লিংদো, বাংলাদেশের ভারতের রীভা গাঙ্গুলি দাস এবং মেঘালয়ের বিদ্যুত্ এবং কৃষি বিভাগ বিষয়ক মুখ্য সচিব পি শাকিল আহমেদ। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান উপস্থিত ছিলেন।