জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে ‘আহাম্মক ও খলনায়ক’ আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া। দেশটি বলেছে, তার কখনো পিয়ংইয়ংয়ে পা রাখার স্বপ্নও দেখা উচিত নয়। উত্তর কোরিয়ার অস্ত্র পরীক্ষা নিয়ে আবের সমালোচনার জবাবে গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে তাকে নিয়ে এমন মন্তব্য করেছে দেশটি। উত্তর কোরিয়া গত ৩১ অক্টোবরেই ‘সুপার-লার্জ মাল্টিপল রকেট লাঞ্চার’ পরীক্ষা করেছে।
তবে জাপান বলেছে, উত্তর কোরিয়া সম্ভবত জাতিসংঘ নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এর প্রতিক্রিয়ায় জাপানের সঙ্গে সম্পর্কবিষয়ক উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত সং ইল হো এক বিবৃতিতে বলেছেন, ‘আবে এক জন আহাম্মক এবং খলনায়ক। তিনি ডিপিআরকে’র (উত্তর কোরিয়া) সুপার-লার্জ মাল্টিপল রকেট লাঞ্চার পরীক্ষা নিয়ে এমন হৈচৈ শুরু করেছেন যেন মনে হচ্ছে জাপানের ওপর এটম বোমা পড়েছে। উত্তর কোরিয়াকে নিয়ে আবে যে আক্রমণাত্মক কথা বলেছেন, এরপর তিনি যেন আর পিয়ংইয়ংয়ের মাটিতে পা রাখার স্বপ্নও কখনো না দেখেন—সে পরামর্শই তাকে দিচ্ছি।’ উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ সং ইল হো এর এই বিবৃতি প্রকাশ করেছে। —ইউএসনিউজ