ঈশ্বরদীর পাকশীতে হার্ডিঞ্জ ব্রিজের নিচ হতে অজ্ঞাতনামা (২৬) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ব্রিজের ১৫ নম্বর গার্ডারের নিচে পদ্মা নদীর বালুর চরে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পাকশী পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে ঘটনাস্থল হতে মরদেহ উদ্ধার করে পাকশী ফাঁড়ির পুলিশ সদস্যরা। পাকশী পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম শহীদ এ খবর নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে হার্ডিঞ্জ সেতুর নিচে পদ্মা নদীর ধারে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় ও পুলিশ ফাঁড়িতে খবর দেয়া হয়।
আরো পড়ুন: ঝিনাইদহে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দীন ফারুকী জানান, ভোর তিনটার দিকে ঢাকা হতে খুলনা গামী চিত্রা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি ব্রিজ অতিক্রম করার সময় ওই যুবক ব্রিজের গার্ডারের সাথে ধাক্কা খেয়ে ১৫ নং গার্ডারের নীচে পড়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যুবকের পড়নে জিন্সের হাফ প্যান্ট ও হাফ হাতা গেঞ্জি রয়েছে। উদ্ধার হওয়া নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি পাবনা মেডিক্যাল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওয়ারিশ না পাওয়া গেলে লাশ আঞ্জুমান মফিদুল ইসলামে দাফন করা হবে বলে তিনি জানিয়েছেন। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম