অ্যান্ড্রু বালবার্নিকে আয়ারল্যান্ড ক্রিকেট দলের নতুন টেস্ট আর ওয়ানডে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রায় ১১ বছর আর ২৫৩ ম্যাচ পর উইলিয়াম পোর্টারফিল্ড অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোয়ই দলটির নতুন অধিনায়ক হলেন তিনি। বালবার্নি দেশটির ক্রিকেট ইতিহাসের মাত্র পঞ্চম অধিনায়ক। তবে অধিনায়কত্ব ব্যাপারটা আইরিশ ব্যাটসম্যানের কাছে নতুন কিছু নয় মোটেও। ২০১০ সালে জাতীয় দলে আসার আগে একই বছর অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। আগামী বছর জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে অধিনায়ক হিসেবে তার পথ চলা। অধিনায়ক হবার পর বালবার্নির প্রতিক্রিয়া, ‘জাতীয় দলের অধিনায়কত্ব অনেক সম্মানের একটা ব্যাপার। এবং ব্যস্ত একটা বছরের আগ মুহূর্তে এটা পাওয়ায় ভেতরে একটা রোমাঞ্চও কাজ করছে এ নিয়ে।’