কমলগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত এক, দোকান ভাঙচুর

উপজেলার চৌমুহনায় ছাত্রলীগ কর্মীদের মারধরের জেরে দুই ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ছুরিকাঘাতে একজন আহত হয়। বৃহস্পতিবার দুপুর থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। 

হাসপাতালে চিকিত্সাধীন কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী মুহিত হাসান বলেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাহেদুল আলম ও যুবলীগ কর্মী আনোয়ার পারভেজ আলাল দুপুরে চৌমুহনায় হঠাত্ আমার ওপর আক্রমণ করে।

নিজে হামলার সঙ্গে জড়িত নয় দাবি করে কমলগঞ্জ উপজেলা যুবলীগ কর্মী আনোয়ার পারভেজ আলাল বলেন, শ্রীমঙ্গল থেকে আগত এক ছাত্রকে নিয়ে সকাল থেকে কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ে মারধর করা হয়। এ নিয়ে দুপুরে উপজেলা চৌমুহনায় মারধরের ঘটনা ঘটে। তিনি আরো বলেন, বিকালে ছুরিকাঘাতে ছাত্রলীগের সাবেক সম্পাদক শাহেদুল আলমের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশ বলেন, এ ঘটনায় এখনো অভিযোগ হয়নি। উত্তেজনা এড়াতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।