বুকে ব্যথা অবহেলা করবেন না

বুকে ব্যথা খুব পরিচিত উপসর্গ। কখনো বুকে ব্যথা হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। বুকে ব্যথা উঠলেই অনেকে মনে করেন হূদরোগ বা হার্ট অ্যাটাক। এই ভয় সবসময় অমূলক নয়। হূদেরাগ হলে বুকে ব্যথা হতে পারে। তবে হূদেরাগ ছাড়াও নানা কারণে বুকে ব্যথা হতে পারে। অনেক সময়  প্রচণ্ড ব্যথা হতে পারে। সব চিকিত্সক বুকে ব্যথা হলে প্রথমেই নানা পরীক্ষা করে হূদেরাগ আছে কিনা দেখে নেন। কারণ অন্য কারণে বুকের ব্যথা তেমন বিপজ্জনক নয়। মৃত্যু ঝুঁকিও তেমন থাকে না। কিন্তু হূদেরাগের কারণে বুকে ব্যথা হলে সময়মতো চিকিত্সা না হলে মৃত্যুর সম্ভাবনা থাকে। বুকে মাংস পেশির সংকোচনের কারণে বুকে ব্যথা হতে পারে। বুকে বিভিন্ন হাড় থাকে। হাড়ের বিভিন্ন সমস্যার কারণেও বুকে ব্যথা হয়। বুকে আঘাত পাওয়ার পর বুকব্যথা হতে পারে। ফুসফুসের নানা সমস্যার জন্যও  অনেকেরই বুকে ব্যথা হতে দেখা যায়। খাদ্যনালীর নানা সমস্যার কারণেও কিন্তু অনেকে বুকে ব্যথা নিয়ে চিকিত্সকের কাছে হাজির হন। বিভিন্ন ওষুধ বা পাকস্থলীর নানা অসুখেও দেখা দিতে পারে বুকব্যথা। বর্তমানে দুশ্চিন্তা বাড়ছে প্রায় সবার মধ্যেই।  দুশ্চিন্তার কারণেও অনেকের বুকে ব্যথা হয়। ব্যথা যদি সমস্ত বুক, ঘাড় বা বাম হাত বা দেহের বাম পাশে ছড়িয়ে পড়ে, রোগী ঘামতে থাকে এবং বমি করে, অনেকক্ষণ ধরে ব্যথা থাকে তখন চিকিত্সকের কাছে দ্রুত  যাওয়া উচিত। এক্ষেত্রে কোনো অবহেলা করলে খারাপ পরিণতি হতে পারে।

 

nডা. মো. ফজলুল কবির পাভেল

কমিউনিটি মেডিসিন বিভাগ

পাবনা মেডিক্যাল কলেজ