মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে আরো এক বাংলাদেশি নিহত

পাঁচ দিনের ব্যবধানে ঝিনাইদহের মহেশপুর উপজেলার লড়াইঘাট সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে সুমন (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। গতকাল শুক্রবার ভোরে ভারতের নদীয়া জেলার হাঁসখালী থানার শিলগেইট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন মহেশপুর উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

বিজিবির খালিশপুর ৫৮ নম্বর ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্নেল কামরুল আহসান জানান, বিভিন্ন সূত্রে তারা জানতে পেরেছেন সুমন গরু আনতে অবৈধভাবে ভারতে যায়। শুক্রবার ভোর ৪টার দিকে গরু নিয়ে ফেরার পথে সীমান্তের শিলগেইট এলাকায়                                                                                               ভারতের ৩০০ গজ ভিতরে পাখিউড়া ক্যাম্পের বিএসএফ টহল দলের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে সুমন ঘটনাস্থলে নিহত হন। এরপর নদীয়ার হাঁসখালী থানার পুলিশ তার লাশ নিয়ে যায়। তিনি আরো জানান, সুমনের লাশ ফেরত আনার ব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

এর আগে ৩ নভেম্বর মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের ওপারে ভারতীয় এলাকায় হাবাশপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা আব্দুর রহিম নামে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করে। তিনিও গরু নিয়ে ফেরার পথে জিরো লাইন থেকে ভারতের ৪০০ গজ ভিতরে বিএসএফের হাতে ধরা পড়েন। পরে তাকে পিটিয়ে হত্যা করা হয়।