নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় অটোরিকশার ধাক্কায় পুলিশ লাইনস স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষিকা মাহমুদা আক্তার নিহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় পুলিশ লাইনসের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী অটোরিকশার ধাক্কায় মাথায় আঘাতপ্রাপ্ত হন মাহমুদা। পরে তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ শহরের খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও পরবর্তীতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত মাহমুদা খানম চাদপুর জেলার দক্ষিণ মতলবের মাহবুব আলমের স্ত্রী। তিনি সপরিবারে মাসদাইরের একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
এদিকে পরিবারের সদস্যদের সাথে অভিমান করে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেছেন সুমন (৩০) নামের এক যুবক। গতকাল সকালে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন ফতুল্লার দাপা ইদ্রাকপুর কবরস্থান রোড এলাকার নওয়াব আলী রাজমিস্ত্রীর ছেলে।
স্থানীয়রা জানান, সুমন এক জন মাদকাসক্ত। হতাশা ও পরিবারের লোকজনের বকাঝকার কারণে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করে।