প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৯

শিক্ষার্থীদের বয়সের কথা বিবেচনায় রেখেই প্রশ্ন কাঠামো তৈরি করা হয়েছে

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রতি রইল আমার শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। এটি তোমাদের জীবনের প্রথম পাবলিক পরীক্ষা বিধায় যাতে এ পরীক্ষাটিতে খুব সহজে ভালো ফলাফল অর্জন করতে পারো সেদিকে লক্ষ্য রাখবে। প্রাথমিক শিক্ষা সমাপনীতে ইংরেজি, গণিত ও বিজ্ঞানে সবচেয়ে বেশি অকৃতকার্য হয়, তাই এ বিষয়গুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বে। এখন যেহেতু সময় বেশি নেই তাই এখন থেকে রুটিন অনুযায়ি বেশি বেশি করে রিভিশন দাও এবং মূল বই ভালো করে পড়।

 

সবার মতামতের ভিত্তিতেই যুগপোযোগী শিক্ষার্থীদের বয়সের কথা বিবেচনায় রেখেই  নতুন প্রশ্ন কাঠামো তৈরি করা হয়েছে। যাতে শিক্ষার্থীদের কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয়। প্রাথমিক শিক্ষা সমাপনীতে প্রশ্ন ফাঁসের ঝুঁকি এড়াতেই প্রাথমিক স্তরের এমসিকিউ বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে ।  সময় যেহেতু কম, তাই মূল বই বারবার পড় এবং তা থেকে নৈর্ব্যক্তিক প্রশ্ন বানিয়ে নিজে নিজে টেস্ট দাও। ছোট প্রশ্নগুলোও এটি থেকে খুব সহজে পেতে পারো। বারবার কেবল মডেল টেস্ট পরীক্ষা দাও এবং সেখান থেকে  ভুল বের হলে সেগুলোকে সংশোধন করলে তবেই খুব সহজে ভালো ফল অর্জন করতে পারবে। সব প্রশ্নের উত্তরগুলোর হেডিং ও সাব-হেডিংগুলোকে সাইন পেন দ্বারা আন্ডারলাইন করবে তবেই খুব সুন্দর দেখাবে।

 

সকল প্রশ্নের উত্তর পরিষ্কার ও সুন্দর করে লিখবে। লেখায় কোনোরূপ কাটাছেঁড়া, ঘষা-মাজা, কালি দিয়ে লেপ্টানো করে লিখবে না। যে সব বিষয়ে চিত্র থাকে সেগুলোতে অবশ্যই চিত্র এঁকে দিবে। তবে চিত্রগুলো কলম দিয়ে না এঁকে পেন্সিল দ্বারা অঙ্কণ করবে। পরীক্ষার উত্তরপত্রটি ১ ইঞ্চি করে বাউন্ডারি দিয়ে এবং প্রতি পৃষ্ঠায় নম্বর দিয়ে লিখবে।  প্রশ্নের উত্তর বেশি বড় বা বেশি ছোট করে লিখবে না। বেশি বড়ও নয় বেশি ছোটও নয় মাঝারি আকারের লিখবে। প্রশ্নে যা উত্তর চাওয়া হয়েছে তার উত্তরই লিখবে। প্রশ্নের উত্তর করার সময় নম্বর অনুসারে মোট সময় ভাগ করে তারপর লিখবে। কোনোক্রমেই যাতে কোনো প্রশ্নের উত্তর দেয়া বাদ না থাকে।