স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে তোমাদের সমাপনী ফাইনাল পরীক্ষা। এ সময়টাতে তোমাদের মধ্যে অস্থিরতা কাজ করতে পারে। তোমার বারবার মনে হতে পারে তোমার কিছুই পড়া হয়নি। পরীক্ষার সময় একটা মানসিক ভীতি সবার কাজ করে, আর এটা স্বাভাবিক ব্যাপার । তোমরা ভয় পাবেনা। বাবা-মা,শিক্ষকের সহোযোগিতায় তোমরা শেষ সময়ের প্রস্তুতি হিসেবে একটা পরিকল্পনা করে নিবে। বাংলা, ইংরেজি,গণিত,ধর্ম,বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্বপরিচয়। এই ৬টি পাঠ্য বিষয়কে তোমরা ভাগ করে নিয়ে রিভিশন দিয়ে শেষ করবে। তোমার কাছে যেগুলো কঠিন মনে হবে সেগুলো বারবার চর্চা করবে। গণিতের বিষয়ে আমি বলবো অংক করার আগে অংকটাকে বোঝে নিবে। তারপর খাতায় বারবার করবে। মনে রাখবে ১ বার লেখা ৩ বার পড়ার কাজ করে । তাই যত বেশি লেখবে তত বেশি তুমি আয়ত্তে আনতে পারবে । যে কোনো বিষয়ে জ্ঞান অর্জনের জন্য এই চর্চার কোনো বিকল্প নেই। পরীক্ষা পূর্ববর্তী এ সময়টুকুতে যত বেশি পারবে তোমার দুর্বল জায়গা চিহ্নিত করে সেগুলোকে রিকভার করার চেষ্টা করবে।
এখন আসি পরীক্ষার সময়ে কীভাবে শান্ত থেকে পরীক্ষায় ভালোভাবে অংশগ্রহণ করতে পারবে ।
পরীক্ষার আগের রাতে খুব বেশি চাপ নেয়ার দরকার নেই। হালকাভাবে মূল বিষয়গুলোতে চোখ বুলিয়ে নিয়ে যত তাড়াতাড়ি পারবে ঘুমাতে চলে যাবে।
সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা সেরে পরীক্ষার উদ্দেশে রওনা দিবে। হাতে সময় থাকলে যে জায়টাতে তোমার সমস্যা সেটা আরেকবার দেখে নিতে পারো। মনে রাখবে পরীক্ষার বিষয়ে তোমাকে সম্পূর্ণ চাপ মুক্ত থাকতে হবে। যত বেশি ধীর শান্ত থাকবে তোমার আয়ত্ত করা সকল লেসন তোমার মাথা থেকে সাবলীল ভাবে পরীক্ষার খাতায় লেখতে পারবে । পরীক্ষার সেন্টারে যাবার পূর্বে অবশ্যই দেখে নিবে প্রবেশপত্র, পেন্সিল বক্স, হার্ডবোর্ড সব ঠিকঠাক নিয়েছো কিনা। কলম অবশ্যই একের অধিক রাখবে । তোমাদের জন্য রইল শুভ কামনা।