পরীক্ষার খাতা যেভাবে সাজাবে

পরীক্ষার হলে প্রবেশ করার পর প্রশ্নপত্র হাতে আসার আগে তোমার হাতে আসবে পরীক্ষার খাতা। আর এ সময় তোমার প্রথম কাজ হবে পরীক্ষার খাতার কভার পৃষ্ঠার নির্দিষ্ট স্থানের প্রতি দৃষ্টি দেয়া। যেখানে পরীক্ষার্থীর নাম..., ছাপানো থাকবে তার সামনে তোমার পূর্ণ নাম লিখবে। যেখানে রোল নম্বর...’ ছাপানো থাকবে তার সামনে তোমার পরীক্ষার রোল নম্বর লিখবে। ‘বিষয়’ যেখানে লেখা থাকবে তার সামনে ওই দিনের ওই বিষয়ের নাম লিখবে এবং যেখানে ‘পরীক্ষার্থীর স্বাক্ষর...’ কথাটি ছাপানো থাকবে, তার সামনে তোমার স্বাক্ষর দেবে ও পরীক্ষা ‘অনুষ্ঠানের তারিখ...’ এর জায়গায় ওই দিনের তারিখ লিখবে। এসব প্রয়োজনীয় তথ্য অবশ্যই সুন্দর ও স্পষ্ট করে লিখবে। আর এসব তথ্য নির্ভুলভাবে লেখার জন্য প্রবেশপত্রের সাহায্য নেয়াই ভালো। আর একটি কথা, প্রবেশপত্রে যেমন স্বাক্ষর দিয়েছ, পরীক্ষার খাতা এবং হলের স্বাক্ষর পত্রে একই স্বাক্ষর করবে।

মার্জিন: কভার পৃষ্ঠায় তথ্যাদি লেখার পর তোমার প্রথম কাজ হলো খাতায় মার্জিন টানা। স্কেল দিয়ে খাতার প্রতিটি সাদা পৃষ্ঠার বাঁ পাশে এক ইঞ্চি এবং ওপরে দেড় ইঞ্চি পরিমাণ মার্জিন টেনে নেবে। খাতা ভাঁজ করে মার্জিন করবে না।

প্রশ্নপত্র হাতে পাওয়ার পর; প্রশ্নপত্র হাতে পাওয়ার পর সম্পূর্ণ প্রশ্নপত্র মনোযোগ দিয়ে পড়ে নেবে এবং জেনে নেবে মোট কয়টি প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে। তারপর উত্তর লেখা শুরু করবে। যোগ্যতাভিত্তিক প্রশ্নের উত্তর লেখার সময় ধারাবাহিকতা বজায় রাখবে।