গত ম্যাচে ভারতের বিপক্ষে হেরে যাওয়াটা নিশ্চয়ই বাংলাদেশের জন্য হতাশার। তারপরও ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পর্যন্ত লড়াইটা যে পৌছাল; এটাও কম নয়। অন্তত সিরিজ শুরুর আগে এমন কল্পনা খুব বেশি লোক করতে পারেনি।
বাংলাদেশ এই সিরিজ শুরু করেছে দুই সেরা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ছাড়া। এমন দল নিয়ে ভারতের মতো শক্তিধর দলের বিপক্ষে অবশ্যই বাংলাদেশ আন্ডার ডগ ছিল। সেই দল নিয়েই আজ ‘ফাইনাল’ খেলবে বাংলাদেশ। আর এই ম্যাচের আগে বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো মনে করছেন যে তার দলের সিরিজ জয়ের ভালো সুযোগ আছে।
গত দুই ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স বিশ্লেষণ করে কোচ বলছিলেন, ভালো ব্যাটিং করতে পারলে বাংলাদেশের ভালো সম্ভাবনা আছে, ‘প্রথম ম্যাচে আমাদের পারফরম্যান্স খুব ভালো ছিল। দ্বিতীয় ম্যাচেও আমরা ভালো অবস্থায় ছিলাম। কিন্তু এরপর সম্ভবত কয়েকটা ভুল হয়েছে আমাদের ব্যাটিংয়ে। আমরা খেলাটা আর নিয়ন্ত্রণ করতে পারিনি। আমরা যদি আমাদের সম্ভাবনা অনুযায়ী খেলি, ভারতকে যে কোনো দিন চেপে ধরতে পারি এবং হারাতে পারি। এটা কোনো গোপন বিষয় নয় যে তাদের বোলিং তুলনামূলক অনভিজ্ঞ। আমরা ভালো ব্যাটিং করতে পারলে, আমাদের কৌশল ঠিক রাখতে পারলে তাদের বোলিংকে চাপে ফেলতে পারি। তারা ভালো দল। কিন্তু আমরা আমাদের সম্ভাবনা অনুযায়ী ব্যাট করতে পারলে তাদের বোলিংকে চাপে ফেলতে পারব।’
এই সফরে আসার আগে খেলোয়াড়দের ধর্মঘট, সাকিবের বিজ্ঞাপন, সাকিবের নিষেধাজ্ঞা, তামিমের ছুটি মিলিয়ে কঠিন একটা সময় গেছে ক্রিকেটে। এই সময়ে খেলায় মনোযোগ দেওয়াই কঠিন ছিল। সময়টার কথা মনে করে বোচ বলছিলেন, কঠিন এই সময়ের পর খেলোয়াড়েরা যে পারফরম্যান্স করেছেন, সেটা মনে রাখার মতো, ‘এই সফরের আগে আমাদের কয়েকটা কঠিন সপ্তাহ গেছে। খেলোয়াড়দের অনেক কৃতিত্ব পাওনা। তারা গত ১০ দিন যে শক্তি ও আকাঙ্ক্ষা দেখিয়েছে, সেটা অসাধারণ ছিল। তারা নতুন কিছু করতে চেয়েছে। তারা (বাংলাদেশ) অন্যের মাটিতে এসে একটা মানসম্পন্ন দলের বিপক্ষে লড়ছে। কেউ যদি দুই সপ্তাহ আগে বলত যে নাগপুরে আসার আগে আমরা সিরিজে সমতা নিয়ে আসব, সেটা কেউ বিশ্বাস করত না। ফলে আমরা যে অবস্থায় আছি, তাতে আমরা খুব সন্তুষ্ট।’
সব মিলিয়ে ভারতের বিপক্ষে আজ ভালো একটা সম্ভাবনা দেখছেন ডমিঙ্গো। তিনি বলছিলেন, ‘আগামীকাল (আজ) আমাদের সামনে দারুণ একটা সুযোগ। ছেলেরা এই ম্যাচ নিয়ে সত্যিই রোমাঞ্চিত। দিন শেষে ভারত বিশ্বের অন্যতম সেরা দল। আমাদের কেউ সুযোগ দেবে না। তবে আমি মনে করি, আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারলে আগামীকাল (আজ) আমাদের ভালো সুযোগ আছে।’
বাংলাদেশের খেলোয়াড়েরা যে ওয়েস্ট ইন্ডিয়ানদের মতো শক্তি দিয়ে ম্যাচ জিতবে বা বল পেটাবে, তা ডমিঙ্গো মনে করেন না। তিনি মনে করেন, বিপরীতে বাংলাদেশকে স্মার্ট ক্রিকেট খেলতে হবে, ‘আমার মনে হয় না যে আমরা কখনোই ওয়েস্ট ইন্ডিজ বা ইংল্যান্ডের মতো ব্যাটিং লাইনআপ পাব। ওদের ক্রিকেটাররা বলকে মাঠের বাইরে পাঠিয়ে দিতে পারে। আমরা শারীরিকভাবে ঐ রকম নই। আমরা যেটা চেষ্টা করছি, সেটা হলো ছেলেদের আরো স্মার্ট করে তোলা।’