রিয়াদে ধোনির ছায়া!

অধিনায়ক হিসেবে তার অভিজ্ঞতাটা খুব বেশিদিনের নয়। মাহমুদউল্লাহ রিয়াদকে অনেকদিন ধরেই দেশের ভবিষ্যত্ অধিনায়ক হিসেবে বিবেচনা করা হলেও ক্যারিয়ারের বড়ো একটা সময় তিনি কাটিয়েছেন কখনো মুশফিকুর রহিম, কখনো-বা সাকিব আল হাসানের ডেপুটি হিসেবে।

এর ফাঁকফোকরেই কখনো কখনো দু-একটা ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। এবারই সম্ভবত মোটামুটি একটু লম্বা মেয়াদে দায়িত্ব পেলেন। কেবল টি-টোয়েন্টিতে, সেটাও পেতেন না, যদি না সাকিবকে আইসিসির দেওয়া এক বছরের নিষেধাজ্ঞার মধ্যে না পড়তেন।

এমন সময়েই অধিনায়ক হিসেবে নিজের জীবনের সেরা স্বীকৃতিটাই পেলেন রিয়াদ। সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান মনে করেন, অধিনায়ক হিসেবে রিয়াদের সঙ্গে মিল আছে স্বয়ং মহেন্দ্র সিং ধোনির। ধোনি ভারতের ইতিহাসে তো বটেই, ক্রিকেটের ইতিহাসেরই অন্যতম সেরা অধিনায়ক। আর সেটাও সব ফরম্যাটে।

পাঠান বলেন, ‘ওর অধিনায়কত্বের মধ্যে আমি মহেন্দ্র সিং ধোনির ছায়া খুঁজে পাই। ও যেভাবে নিজের পার্টটাইম বোলারদের ওপর ভরসা রেখে পাওয়া প্লে-তেও বোলিং করানোর সাহস দেখায় সেটা আমি আগে আর কাউকে দেখিনি। এই সাহসটা কেবল ধোনিই দেখাত।’

রিয়াদের অধীনে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে রাজকোটে আট উইকেটের বড়ো ব্যবধানে হারে বাংলাদেশ। যদিও এর আগের ম্যাচেই অন্য চিত্রে আবির্ভূত হয় বাংলাদেশ। মুশফিকের ব্যাটে সেদিন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সাত উইকেটে বড়ো জয় পায় সফরকারীরা। সিরিজে এখন ১-১ সমতা। আজ যারা জিতবে, তারাই হবে ট্রফির মালিক। আজ তাই ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে আছে বাংলাদেশ।

এর আগে রিয়াদ পেলেন পাঠানের প্রশংসা। পাঠান বলেন, ‘যখন আপনি বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে জিতে যান, সেটা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদ দারুণ যোগ্যতার পরিচয় দিয়েছেন। ম্যাচের মধ্যে ও এমন কিছু ভূমিকা রেখেছে, এমন কিছু পরিবর্তন এনেছে, যা ফলাফলে প্রত্যক্ষ ভূমিকা রেখেছে।’

এদিকে ভারতের কিংবদন্তিতুল্য অফ-স্পিনার হরভজন সিং মনে করেন, বাংলাদেশের ব্যাটিংয়ের মূল শক্তি হলো মুশফিকের অভিজ্ঞতা। তিনি বলেন, ‘মুশফিক এমন একজন ক্রিকেটার যার অনেক অভিজ্ঞতা আছে। ও স্পিন কিংবা পেস বোলিং—দুটোতেই ভালো ব্যাটিং করে। বাংলাদেশের ব্যাটিংয়ে সবচেয়ে বেশি দায়িত্ব নিয়ে খেলে মুশফিক। ব্যাটিংয়ের দিক থেকে মাহমুদউল্লাহ রিয়াদের চেয়ে এগিয়ে থাকবেন মুশফিক। যদিও রিয়াদও এখন দারুণ ক্রিকেটার।’