জাতীয় ক্রিকেট লিগ

বৃষ্টিস্নাত দিনে শামসুরের সেঞ্চুরি

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে শুক্রবার থেকেই দেশের বেশির ভাগ জায়গায় বৃষ্টি চলছে। গতকাল প্রায় দিনভর হয়েছে বৃষ্টি। গুঁড়ি গুঁড়ি বর্ষণে বিঘ্নিত হয়েছে ২১তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের খেলা। গতকাল পঞ্চম রাউন্ডের প্রথম দিনে খেলা হয়েছে চার ম্যাচের দুটিতে। বাকি দুটি ভেন্যুতে ব্যাট-বলের লড়াই নির্বাসিত ছিল বৃষ্টির দাপটে।

বৃষ্টিস্নাত দিনে প্রথম স্তরের ম্যাচে সেঞ্চুরি করেছেন ঢাকা মেট্রোর শামসুর রহমান। রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে শামসুরের সেঞ্চুরিতেই গতকাল প্রথম দিনে সাত উইকেটে ২৮২ রান তুলেছে ঢাকা মেট্রো। শরীফউল্লাহ ২১ ও নিহাদুজ্জামান শূন্য রানে ব্যাট করছেন।

বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে রংপুর-ঢাকা বিভাগের দ্বিতীয় স্তরের ম্যাচে খেলা হয়েছে ৪১ ওভার। আগে ব্যাট করতে নামা রংপুর পাঁচ উইকেটে ১১০ রান তুলেছে। নাসির হোসেন পাঁচ ও তানবির হায়দার ছয় রানে অপরাজিত আছেন।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খুলনা-রাজশাহী ম্যাচে গতকাল প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছে। বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে স্বাগতিকদের ম্যাচের চিত্রও একইরকম। প্রথম দিনে কোনো বলই মাঠে গড়ায়নি। দুটি ম্যাচেই টস হয়নি।

গতকাল সবচেয়ে বেশি খেলা হয়েছে রাজশাহীতে। ঢাকা মেট্রো ব্যাট করতে পেরেছে ৭৬ ওভার। টসে হেরে ব্যাট করতে নেমেছিল দলটি। ১৭ রানে ওপেনার আজমীরের (১০) বিদায়ের পর দ্বিতীয় উইকেটে রাকিন আহমেদকে নিয়ে শামসুর গড়েন ৯৮ রানের জুটি। রাকিন ৪৮ রান করেন। উইকেটে থিতু হতে পারেননি মার্শাল আইয়ুবও (১)। চতুর্থ উইকেটে আল-আমিন জুনিয়রের সঙ্গেও ১২৬ রানের জুটি গড়েন শামসুর। ১৮০ বলে ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরি পূর্ণ করেন ডানহাতি এই ব্যাটসম্যান। আল-আমিন অবশ্য সেঞ্চুরির দেখা পাননি। ৬৯ রান করে ফিরেন তিনি।

দিনের খেলা শেষ হওয়ার ছয় ওভার আগে শামসুর আউট হন। ১৯৩ বলে ১৩টি চারে ১১৪ রানের ইনিংস খেলেন তিনি। আলোর স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে উইকেটে ছিলেন শরীফউল্লাহ ও নিহাদুজ্জামান। সিলেটের রেজাউর রহমান চারটি, এনামুল জুনিয়র তিনটি উইকেট পান।

বগুড়ায় রংপুরের শুরুটা ছিল বিপর্যস্ত। শূন্য রানেই সাজঘরে ফেরেন দুই ওপেনার রিশাদ হোসেন (০) ও মেহেদী মারুফ (০)। তৃতীয় উইকেটে সোহরাওয়ার্দী শুভ ও নাঈম ইসলাম ৮০ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন। নাঈমের ইনিংস অবশ্য বড়ো হয়নি। ২৩ রান করে শাহাদাতের শিকার হন তিনি। হাফ সেঞ্চুরির পর ৫৭ রান করে ফিরেন সোহরাওয়ার্দী শুভ। আরিফুল করেছেন ১৫ রান। ১০৪ রানে পাঁচ উইকেট পতনের পর নাসির-তানবির হায়দার অবিচ্ছিন্ন থেকে বাকি সময়টুকু পাড়ি দিয়েছেন। ঢাকা বিভাগের শাহাদাত, সালাউদ্দিন শাকিল দুইটি করে, নাজমুল অপু একটি উইকেট পান।

সংক্ষিপ্ত স্কোর

রংপুর-ঢাকা বিভাগ

রংপুর: ৪১ ওভারে ১১০/৫ ( সোহরাওয়ার্দী শুভ ৫৭, নাঈম ইসলাম ২৩, আরিফুল হক ১৫*, নাসির ৫*, তানবির হায়দার ৬*; সালাউদ্দিন শাকিল ২/৩২, শাহাদাত ২/৩৩, নাজমুল অপু ১/২৩)

ঢাকা মেট্রো-সিলেট বিভাগ

ঢাকা মেট্রো: ৭৬ ওভারে ২৮২/৭ (শামসুর রহমান ১১৪, আল-আমিন জুনিয়র ৬৯, রাকিন ৪৮, আজমীর ১০ )।