এসএ গেমস

আর্চারি দলের লক্ষ্য দুটো স্বর্ণ

চলতি বছরে দারুণ সময় কাটছে আর্চারি দলের। সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় চলমান ২০১৯ সালে রুমান সানারা পাঁচটি স্বর্ণজয়সহ জিতেছেন ১৭টি পদক। সে ধারাটা আসন্ন এসএ গেমসেও ধরে রেখে অন্তত দুটি স্বর্ণ জিততে চায় বাংলাদেশ, জানিয়েছেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজিবউদ্দিন আহমেদ চপল।

মাসখানেক আগেই বাংলাদেশ কাপ অনুষ্ঠিত হয়েছে টঙ্গীর আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে। তার পর থেকে এসএ গেমস-এশিয়া কাপের বাছাইপর্ব মিলিয়ে খেলার মধ্যেই ছিল আর্চারি দল।

আগামী ২০ নভেম্বর থাইল্যান্ডে এশিয়া কাপ আর্চারির চতুর্থ স্টেজ খেলতে দেশ ছাড়বেন রুমান সানারা। তারপর ডিসেম্বরের প্রথম সপ্তাহে এসএ গেমসে খেলবে বাংলাদেশ আর্চারি দল। ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান, নেপালে আসন্ন দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দলের প্রাথমিক লক্ষ্য থাকবে দুটি স্বর্ণজয়।

রাজিবউদ্দীন আহমেদ বলেন, ‘এসএ গেমসে আমরা এবার দুটো স্বর্ণপদক জয়ের লক্ষ্য নিয়ে যাচ্ছি। আমাদের প্রস্তুতিটা ভালো হয়েছে। তার পাশাপাশি দলে আছে রোমান সানার মতো একজন অলিম্পিয়ান। তাই দুইটা স্বর্ণ আমাদের প্রাথমিক লক্ষ্য। একটা ছেলেদের রিকার্ভ এককে, আরেকটা ছেলেদের রিকার্ভ দলগত ইভেন্টে হতে পারে কিংবা আসতে পারে কম্পাউন্ড ইভেন্টে।’

চলতি বছরের বাজেট ঘোষণা

গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে আর্চারি ফেডারেশনের চলতি ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়। শেষ দুই বছরে দলের পারফরমেন্স বিচারে নির্ধারিত বাজেট ২ কোটি ২০ লাখ টাকার সঙ্গে ২১ লাখ টাকা বোনাসের ঘোষণাও দেয় আর্চারি দলের পৃষ্ঠপোষক তীর। ফলে চলতি অর্থবছরে আর্চারিতে বাজেট গিয়ে দাঁড়ায় ২ কোটি ৪১ লাখ টাকায়।

তবে এ টাকার একটা বড়ো অংশ ব্যয় করা হবে আর্চারি ট্রেইনিং সেন্টারের উন্নয়নে। ১ কোটি ৬১ লাখ টাকা ব্যয় করা হবে এ খাতে। আর বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন ও অংশগ্রহণ বাবদ খরচ করা হবে আরো ৮০ লাখ টাকা।