শেষ দুই বছরে নিজেদের মাঠ অ্যানফিল্ডকে রীতিমতো দুর্গই বানিয়ে ফেলেছে লিভারপুল। দলটির বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপাধারী ম্যানচেস্টার সিটি আজ রবিবার রাতে তাদেরই মাঠে মুখোমুখি হবে।
সেটা এমন এক সময়ে হচ্ছে, যখন দল লিভারপুল থেকে ছয় পয়েন্টে পিছিয়ে। ম্যাচটির আগে দলটির কোচ পেপ গার্দিওলা জানালেন, বিশ্বের সবচেয়ে কঠিন দলের মুখোমুখি হতে যাচ্ছে তার দল। আর অ্যানফিল্ডকে ইংল্যান্ডের তো বটেই, ইউরোপেরই সবচেয়ে কঠিন মাঠ আখ্যা দিয়েছেন তিনি। ম্যাচটির আগে খেলোয়াড়দের চোট আর অ্যানফিল্ডে নিজেদের ইতিহাসও চোখ রাঙানি দিচ্ছে সিটিকে।
লিগের প্রথম ১১ ম্যাচে ৮ জয় আর ১ ড্র। এমন পরিসংখ্যান অন্য যে কোনো দলের জন্য দারুণ হলেও সিটির জন্য ‘ভালো’ নয় মোটেও। শিরোপার দৌড়ে যে লিভারপুলের সঙ্গে টক্কর দিতে হচ্ছে দলটিকে! ১০ ম্যাচে জয়ের সঙ্গে একটি ম্যাচে ড্র করা লিভারপুলের সঙ্গে সিটির ব্যবধানটা এখনই ৬ পয়েন্টের। ম্যাচটা হেরে গেলে সেটা ৯-এ উন্নীত হবে।
এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে গার্দিওলা জানালেন, শিরোপার জন্য লড়াইটা শেষ পর্যন্তই করতে হবে দলকে। তিনি বলেন, ‘হেরে গেলে কী হবে, সেটা আমার জানা আছে। লোকে বলবে, এখনই শিরোপার স্বপ্ন শেষ হয়ে গেছে। কিন্তু ম্যাচটার পরেও আরো অনেক ম্যাচ খেলা বাকি থাকবে এবং আমার অভিজ্ঞতা বলে, শেষ পর্যন্তই শিরোপার জন্য লড়ে যেতে হবে আমাদের।’
তবে হেরে গেলে কাজটা কঠিনই হয়ে যাবে বলে মানছেন সিটি কোচ। গার্দিওলার ভাষ্য, ‘তারা আগের মৌসুমে একটা ম্যাচ হেরেছে। এই মৌসুমে এখনো অপরাজিত। তাই আপনার ধরে রাখতে হবে যে এই মৌসুমে খুব বেশি ম্যাচ হারবে না তারা।’
এমন ম্যাচের আগে ইতিহাসও সিটির পক্ষে কথা বলছে না। প্রিমিয়ার লিগ যুগে অ্যানফিল্ডে ২২ ম্যাচ খেলে হেরেছে ১৫টিতে। ২০০৩ সালে নিকলাস আনেলকার গোলে লিভারপুলকে হারানোর পর আর এখানে জিততেই পারেনি সফরকারী সিটি। ২০১৩-১৪ মৌসুমের পর চলতি বছরে অ্যানফিল্ডে দুই দলের গোলশূন্য লড়াইটির আগে এখানে প্রতিটি ম্যাচেই হেরেছে সিটি, লিভারপুল থেকে উঁচু স্থানে লিগ শেষ করার পরেও!
তার ওপর যোগ হয়েছে নিজেদের মাঠে লিভারপুলের সাম্প্রতিক ফর্ম। নিজেদের মাঠে ২০১৭ সালের পর আর কোনো ম্যাচে হারেনি দলটি। অ্যানফিল্ডের পরিবেশ সম্পর্কে গার্দিওলা বলেন, ‘এখানে এমন কিছু আছে, যা অন্য কোনো স্টেডিয়ামে দেখবেন না আপনি।’
এমন এক মাঠে ইতিহাস, লিভারপুলের সাম্প্রতিক ফর্মের সঙ্গে সিটির বিপক্ষে কথা বলছে ফিটনেস সমস্যাও। গোলরক্ষক এডারসন, অধিনায়ক ডেভিড সিলভা, ডিফেন্ডার আইমেরিক লাপোর্তে কিংবা রদ্রিগো; সিটির চোটের ফর্দটা বেশ বড়োসড়োই। সবকিছুকে উপেক্ষা করে অ্যানফিল্ড জুজু যদি শেষমেশ জয় করতেই পারে সিটি, তবে সেটা দারুণ এক ব্যাপারই হবে।
তবে সেটা না হতে দেওয়ার পণই করছেন লিভারপুল কোচ য়ুর্গেন ক্লপ। তিনি বলেন, ‘জয়টা বেশ গুরুত্বপূর্ণ। এবং এটা আমরা জিততে চাই। কিন্তু ম্যাচটা জিতে গেলেই কি লিগ জিতে যাব আমরা? না। হারলে আমাদের সুযোগ শেষ হয়ে যাবে? না। আমরা কেবল ম্যাচটা জিততেই চাই।’