যশোরের কেশবপুরে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে গত দুই দিন ধরে ভারী থেকে মৃদু বাতাসসহ মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। লাগাতার বৃষ্টিপাতের প্রভাবে উঠতি আমন ধান, শাকসবজি, সদ্য বপনকৃত শস্য, মসুরির ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি বিভাগ জানায়, চলতি বছর বৃষ্টিপাত কম হওয়ায় রেকর্ড সংখ্যক ৯ হাজার ২০০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। ধানের বাজারমূল্য কম হওয়া সত্ত্বেও কৃষকরা উত্পাদন খরচ পুষিয়ে নিতে উপরি সেচ প্রয়োগ করায় এবার কৃষকরা ভালো ফলন আশা করছিলেন। এরই মধ্যে অধিকাংশ ক্ষেতের ধান পেকে সোনালি বর্ণ ধারণ করেছে। এছাড়া মাঝে বেশ কিছুদিন বৃষ্টিপাত না হওয়ায় কৃষকরা পতিত জমি চাষ করে ফুলকপি, বাঁধাকপি, শাকসবজি, শস্য, মসুরি, খেসারির বীজ বপন করেন। এ অবস্থায় ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে গত শুক্রবার থেকে ভারী থেকে ঝোড়ো বাতাসসহ মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। লাগাতার বৃষ্টিতে শত শত হেক্টর জমির শাকসবজি, সদ্য রোপণকৃত ফুলকপি, বাঁধাকপি, শস্য, মসুরি, খেসারির ক্ষেত নষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা বলেন, চলতি আমন মৌসুমে এরই মধ্যে আশি শতাংশ জমির আমন ধান পেকে গেছে। এর মধ্যে ১০ শতাংশ জমির ধান কাটা হয়েছে। লাগাতার বৃষ্টির কারণে কাটা ধানসহ শাকসবজি নষ্ট হয়ে যাচ্ছে।