শীত না আসতেই ভেজাল গুড়ে সয়লাব পুঠিয়ার হাটবাজার

শীতের আগমনের আগেই রাজশাহীর পুঠিয়া উপজেলা জুড়ে গাছিরা খেজুরগাছ থেকে রস আহরণে প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে স্বল্প পরিসরে আগাম রস আহরণ শুরু করেছে অনেকেই। এদিকে শীত শুরুর আগেই ভেজাল গুড়ে সয়লাব হয়ে গেছে পুঠিয়ার হাটবাজার।

পুঠিয়া সদর এলাকার গাছি আলমগীর হোসেন বলেন, এখন বাজারগুলোতে যে গুড় কেনাবেচা হয় তার মধ্যে দুই একজন বাদে সবার গুড়ে ভেজাল রয়েছে। এটা গত কয়েক বছর থেকে শুরু হয়েছে। তিনি বলেন, চিনির দাম কম ও খেজুর গুড়ের দাম বেশি হওয়ায় গাছিরা গুড়ে ব্যাপকহারে চিনি ও কেমিক্যাল মেশাচ্ছে। এছাড়া আরো কয়েকটি উপকরণ রয়েছে যাতে গুড় দেখতে সুন্দর ও শক্ত রাখে।

এদিকে মৌসুমের শুরুতে খেজুরের গুড়ে ভেজাল দেওয়ার অভিযোগে সম্প্রতি বানেশ্বর বাজারে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওলিউজ্জামান। অভিযান চলাকালে তিনি গুড়ে ভেজাল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

গুড়ের আড়তদার আসলাম হোসেন বলেন, এ অঞ্চলের খেজুরের গুড় দেশ-বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। আমরা সরাসরি কৃষকদের কাছ থেকে কিনে প্যাকেটজাত করে দেশের বিভিন্ন জেলায় পাঠাই। তবে গুড়ে চাষিরা কি কি ভেজাল মিশ্রণ করেন তা আমরা জানি না। তবে চাহিদা মোতাবেক সৌন্দর্য ও শক্ত গুড় বেশি কেনাবেচা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওলিউজ্জামান বলেন, যেখানেই ভেজাল গুড় থাকবে সেখানেই অভিযান চলবে। আর ভেজালকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।