খুলনায় শনিবার দুপুরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মো. শাকিল (২২)। সে নগরীর আড়ংঘাটা থানার খালপাড় এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলে। শাকিল রূপসা নদীর ওপারে মন্ডল কোম্পানি না?মের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় কয়েকজন যুবক দেশীয় অস্ত্র দিয়ে শাকিলকে এলোপাতাড়ি কুপিয়ে আড়ংঘাটা বাজারের মোল্লা অটো রাইসমিলের পাশে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
আড়ংঘাটা থানার ওসি কাজী রেজাউল করিম বলেন, প্রাথমিকভাবে ঘটনার কারণ এবং জড়িতদের শনাক্ত করা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।