গোলগাছ আসলে গোলাকৃতির কোনো গাছ নয়। লম্বা পাতা যুক্ত (পালমি) গোত্রের উদ্ভিদ। জন্মে লবণাক্ত মাটিতে নদীর চর এলাকায়। বাংলাদেশের দক্ষিণে সুন্দরবন এলাকায় প্রচুর দেখা যায়। কাণ্ড খর্বাকৃতির। কাণ্ডের গোড়া থেকে একাধিক লম্বা পাতা বের হয়। পাতা বাতাসে দোলে। পাতার মধ্য শিরা অপেক্ষাকৃত বড়ো ও শক্ত হয়। মধ্য শিরার দুই ধারে লম্বা পাতা সজ্জিত থাকে। পাতার গোড়ায় কাদিতে ছোট তালের মতো গুচ্ছাকারে ফল ধরে। গোল ফলের শাঁস খেতে খুব সুস্বাদু।
গোলপাতা ঘরের ছাউনির কাজে ব্যবহার হয়। বাওয়ালিরা গোলপাতা সংগ্রহের মৌসুমে বন থেকে পাতা সংগ্রহ করেন। তারপর লোকালয়ে এনে বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকেন। গোলপাতার ঘর বসবাসের জন্য অপেক্ষাকৃত শীতল ও আরামদায়ক হয়।