ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব। গত শুক্রবার রাত ৯টায় প্রাণনাশের হুমকিতে রাকিব কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করতে এসে গ্রেফতার হন।
ইবি থানা সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে সাধারণ সম্পাদক রাকিব ও সাবেক উপ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জুবায়েরসহ সাত-আট জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের হয়। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সম্প্রতি এক অডিও ক্লিপে হালিমের বিরুদ্ধে ১০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরিপ্রেক্ষিতে এই মামলা দায়ের হয়।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে বিশ্ববিদ্যালয়ের সাবেক শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হালিম বাদী হয়ে মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে কুষ্টিয়া মডেল থানা ও ইবি থানা পুলিশের যৌথ অভিযানে রাকিবকে কুষ্টিয়া শহর থেকে আটক করে আদালতে চালান করা হয়েছে।