প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাজ করতে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীরা সারাদেশে জনগণের জানমাল রক্ষায় সার্বিক সহায়তায় নিয়োজিত রয়েছেন।
গতকাল ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বুলবুল মোকাবিলায় সরকার ও দল সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। সব উপকূলীয় জেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। প্রশাসনের সবাইকে সর্বোচ্চ সতর্ক করা হয়েছে। মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়েছে। ১৮ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সমন্বয়ে একটি মনিটরিং টিম সার্বক্ষণিক কাজ করছে। মনিটরিং টিমের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। দলীয় নেতাকর্মী এবং জনসাধারণকে ঘূর্ণিঝড়ের আগে ও পরে কোনো ঘটনা ঘটলে এই মনিটরিং টিমের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মনিটরিং টিমের সঙ্গে যোগাযোগের ফোন নম্বর ৯৬৭৭৮৮১, ৯৬৭৭৮৮২। ফ্যাক্স নাম্বার ৯৬৬৬৫৫০, ই-মেইল : alparty1949@gmail.com। কেন্দ্রীয় ত্রাণ ও দুর্যোগ উপ-কমিটির নেতারা সারা দেশের তৃণমূলের সঙ্গে সমন্বয় করবেন। দলের পক্ষে মেডিক্যাল টিম ও পর্যাপ্ত ত্রাণ প্রস্তুত রাখা হয়েছে।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।