১৩ বছর পর কাল দক্ষিণের সম্মেলন, মঙ্গলবার উত্তরের

ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের নতুন নেতৃত্বের আলোচনায় যারা

আওয়ামী লীগের সহযোগী সংগঠন সেচ্ছাসেবক লীগের মহানগর দক্ষিণ ও উত্তরের সম্মেলন যথাক্রমে ১১ ও ১২ নভেম্বর। ইতিমধ্যে সম্মেলনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নেতৃত্বের পালাবদল ঘিরে পদপত্যাশীরা শেষ মুহূতের দৌড়ঝাঁপ চালাচ্ছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের দ্বারস্থ হচ্ছেন পদ নিশ্চিতের জন্য। আর প্রতিদিনই আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় এবং ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে শো-ডাউন দিচ্ছেন কেউ কেউ।

সূত্র জানায়, সম্মেলন না হওয়ায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ আলাদা একক কমিটি নিয়ে ১৩টি বছর পার করছে। ২০০৬ সালের ৩১ মে ঢাকা মহানগর সেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ঐ সম্মেলনের মাধ্যমে মহানগরকে দুইটি ভাগে ভাগ করা হয়। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি দেবাশিষ বিশ্বাস ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিটু এবং উত্তর সেচ্ছাসেবক লীগের মোবাশ্বের চৌধুরী সভাপতি ও ফরিদুর রহমান ইরান সাধারণ সম্পাদক হন। ২০১২ সালে সেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনে মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির ১০১ সদস্যবিশিষ্ট করার প্রস্তাব পাশ করা হয়; কিন্তু এখনো ৭১ সদস্য বিশিষ্ট কমিটি দিয়ে সংগঠনের কাজ করছেন বর্তমান দায়িত্বপ্রাপ্তরা। পুরাতন বেশ কয়েকটি থানার পাশাপাশি নতুন থানাগুলোতেও কমিটি নেই। ১৭ বছর আগে দেওয়া কমিটি দিয়েই চলছে কয়েকটি থানা। দীর্ঘ দিন কমিটি না থাকায় সংগঠনের কাজে এক ধরনের স্থবিরতা দেখা দিয়েছিল। সম্মেলনের ঘোষণায় আবারও প্রাণ ফিরে পেয়েছে মহানগর সেচ্ছাসেবক লীগ। আগামীকাল রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মহানগর দক্ষিণের এবং ১২ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউটে মহানগর উত্তরের সম্মেলন অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর দক্ষিণ সেচ্ছাসেবক লীগের শীর্ষ পদের আলোচনায় রয়েছেন বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ইরান, অ্যাডভোকেট মনির হোসেন মোল্লা মঞ্জু, কামরুল হাসান রিপন, তারেক সাঈদ, আবুল কালাম আজাদ হাওলাদার, আসাদুজ্জামান আসাদ, শেখ আনিসুর রহমান রানা। ঢাকা মহানগর উত্তর সেচ্ছাসেবক লীগের শীর্ষ পদের আলোচনায় রয়েছেন বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি গোলাম রাব্বানী, সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল ইসলাম বিপুল, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি ইসহাক মিয়া, মো. আনোয়ার হোসেন সরদার, দুলাল হোসেন প্রমুখ।