বাংলাদেশের চলমান ভারত সফর নিয়ে দেশটির ক্রিকেট কর্মকর্তাদের উচ্ছ্বাসের শেষ নেই। বিশেষ করে সফরের শেষ ম্যাচ, ইডেন টেস্ট নিয়ে রীতিমতো উত্সবের আবহ তৈরি হয়েছে। এই টেস্ট ম্যাচের ভেতর দিয়ে ভারত ও বাংলাদেশ—দুই দলই প্রথমবারের মতো ফ্লাড লাইটের নিচে টেস্ট ক্রিকেট খেলবে।
আর এসবের অংশ হিসেবে ভারত সফরে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে গতকাল একান্ত বৈঠকে বসেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলি। বৈঠক শেষে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানালেন, সাবেক ভারতীয় অধিনায়কের সঙ্গে বিসিবি সভাপতির বৈঠক দারুণ সফল হয়েছে। এই বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে ইতিবাচক আলাপ হয়েছে।
প্রথমেই সৌরভ আশ্বস্ত করেছেন বঙ্গবন্ধু শতবার্ষিকী উপলক্ষ্যে ঢাকায় আয়োজন হতে যাওয়া বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের খেলা নিয়ে। এশিয়া একাদশকে তারকাবহুল করতে বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহদের উপস্থিতি খুব জরুরি। আর এ বিষয়ে পাপনকে সৌরভ বলেছেন, তিনি শীর্ষ ভারতীয় খেলোয়াড়দের এই ম্যাচ দুইটিতে অংশ নেওয়া নিশ্চিত করবেন। এরপর দুই সভাপতির মধ্যে দ্বিপক্ষীয় সফর বিনিময় নিয়ে আলোচনা হয়েছে। দুই সভাপতি বলেছেন, ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক ভালো। সেটাকে আরো ভালো করার জন্য এবং নিয়মিত সফর বিনিময়ের জন্য দুই বোর্ড একসঙ্গে কাজ করবে।
এই বৈঠকে সৌরভ ইডেন টেস্টের প্রস্তুতি নিয়ে পাপনকে অবহিত করেন। তিনি জানান, এই টেস্ট নিয়ে ভারতের দারুণ আগ্রহ তৈরি হয়েছে। ইতিমধ্যে প্রথম তিন দিনের প্রায় সব টিকিট বিক্রি হয়ে গেছে। কলকাতার ও ঢাকার দর্শকরা এই টেস্টকে ঘিরে একটা উত্সবের পরিবেশ তৈরি করবেন বলে দুই সভাপতি আশা প্রকাশ করেছেন। এই টেস্টে অতিথি হওয়ার জন্য বাংলাদেশের অভিষেক টেস্ট স্কোয়াডে থাকা ১৬ সদস্যকেও দাওয়াত করা হয়েছে। সবচেয়ে বড়ো কথা—সৌরভ গাঙ্গুলির ব্যক্তিগত নিমন্ত্রণে এই ইডেন টেস্টে উপস্থিত থাকার জন্য সম্মতি দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।