টেকসই শিল্পের জন্য বস্ত্র খাতের কারখানাগুলোকে সর্বোচ্চ প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে এ খাতে ‘ইন্ডাস্ট্রি ফোর’ ধারণার পূর্ণ বাস্তবায়ন এখন সময়ের দাবি। গুরুত্ব দিতে হবে ইতিবাচক ব্র্যান্ডিং ও গুণগত পণ্য উৎপাদনে। গড়ে তুলতে হবে দক্ষ জনবল। শুক্রবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক প্যানেল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।
৫ম বাংলাদেশ ইন্টারন্যাশনাল গার্মেন্টস এন্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি এক্সপো’র অংশ হিসেবে বস্ত্র খাত ভিত্তিক ইংরেজি ম্যাগাজিন টেক্সটাইল ফোকাস ও রেড কার্পেট তিন শ’ ৬৫ লিমিটেড এ প্যানেল আলোচনার আয়োজন করে।
আলোচনায় অংশ নেন বিজিএমইএ’র সাবেক সহ-সভাপতি ফারুক হাসান, আইটিইটির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. শফিকুর রহমান, আরকোমা (বাংলাদেশ) লিমিটেডের কান্ট্রি হেড সৈয়দ মোহাম্মদ ইসমাইল, এসজিএস বাংলাদেশ লিমিটেডের এমডি মো. আবদুর রশিদ ও ড্যাফোডিল ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মাহবুবুল হক।
এসময় নর্দান ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার হুমায়ুন কবিরের সঞ্চালনায় কী-নোট পেপার উপস্থাপন করেন টেক্সটাইল ফোকাসের ব্যবস্থাপনা সম্পাদক মাঈন মো. খায়রুল আকতার এবং সমন্বয় করেন ম্যাগাজিনটির সম্পাদক এম এ ইসলাম রিয়াদ।
অনুষ্ঠানে কেক কেটে টেক্সটাইল ফোকাসের তৃতীয় বর্ষপূর্তি উৎযাপন করা হয়।
ইত্তেফাক/এসইউ