দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল দুই ঘণ্টা পর ফের বন্ধ

ঘুর্ণিঝড় বুলবুলের প্রভাবে রাজবাড়ীর দৌলতদিয়া-মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটের পদ্মা নদীতে বন্ধ রয়েছে লঞ্চ ও ফেরী চলাচল সার্ভিস। তবে রবিবার সকালে ফেরি চলাচল স্বাভাবিক হলে দুই ঘণ্টা পর তা আবার বন্ধ রাখা হয়। এতে করে ঘাট এলাকায় আটকা পড়ে থাকা শতাধিক যাত্রীবাহী বাসের যাত্রীদের দুর্ভোগ চরমে।

পদ্মা নদীতে তীব্র বাতাস ও ঝড় হাওয়ার কারণে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ফেরী ও লঞ্চ চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। পদ্মা নদীতে বাতাসে তীব্রতা কমলে যে কোন সময় চালু হবে ফেরি ও লঞ্চ সার্ভিস।

জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে গত শনিবার বিকাল ৪টা থেকে বন্ধ করে দেয় লঞ্চ ঘাট কর্তৃপক্ষ। বৈরী আবহাওয়ায় দীর্ঘ ২১ ঘণ্টা পার হলেও রবিবার দুপুর পর্যন্ত চালু হয়নি লঞ্চ চলাচল।  অপর দিকে নৌরুটে শনিবার দিবাগত রাত ১০টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত ১১ ঘণ্টা বন্ধ থাকে ফেরি চলাচল সার্ভিস। রবিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ২ ঘণ্টা ফেরি চলাচল স্বাভাবিক হলে নদীতে তীব্র ঝড়ো বাতাসে দেখা দিয়ে আবারো ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ।

আরো পড়ুন: বুলবু‌লের আঘাত থে‌কে রক্ষা পেল দুবলার চর

রবিবার দুপুরে দৌলতদিয়া লঞ্চ ঘাট ও ফেরি ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, শনিবার রাত ১০ টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। নৌরুটের দৌলতদিয়া প্রান্তে আটকে পড়েছে কয়েক শত যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক। নৌরুটে দীর্ঘ ১১টা ঘণ্টা পর রবিবার সকাল ৯টায় ফেরি চলাচল স্বাভাবিক হলে ঘাট এলাকায় নদী পাড়ের অপেক্ষায় থাকা শতাধিক যাত্রীবাহী বাসসহ কাঁচামাল ভর্তি ট্রাকগুলো ৫নম্বর ফেরি ঘাট দিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যায় ফেরিগুলো। অপর দিকে শনিবার বিকাল ৪টা থেকে চলাচল বন্ধ ঘোষণা করলে দৌলতদিয়া লঞ্চ ঘাটের পল্টনের সাথে ১২টি এমভি লঞ্চ বেঁধে রাখা হয়েছে। নদীতে তীব্র ঝড়ো বাতাসের কারণে স্পিড বোর্ড, মাছ ধরার নৌকাগুলোও লঞ্চ ঘাটের পাশেই রাখা নোঙর করা হয়েছে।  

দৌলতদিয়া ঘাটে নদী পাড়ের অপেক্ষা থাকা যাত্রীবাহী পরিবহনের পূর্বাসা’র আফজাল, সের্ন্টমার্টিন’র মো. সেলিম ও দিগন্ত’র জাহাঙ্গীরসহ একাধিক পরিবহনের চালক জানান, শনিবার দিবাগত রাত ১২টার দিকে দৌলতদিয়া ঘাটে এসে নদী পাড়ের অপেক্ষায় রয়েছেন। রবিবার সকাল ৯টায় ফেরি চলাচল স্বাভাবিক হলে ১০টায় ফেরিতে উঠতে পারলাম। দীর্ঘ ১০ ঘণ্টা বাসের যাত্রীদের দুর্ভোগের সীমা ছিলো না।

দৌলতদিয়া লঞ্চ ঘাট ম্যানেজার মো. নুরুল আনোয়ার মিলন বলেন, গত শনিবার বিকাল ৪টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলরত সকল লঞ্চ সার্ভিস বন্ধের নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। রবিবার দুপুর পর্যন্ত দীর্ঘ ২১ ঘণ্টা পরও লঞ্চ চলাচল শুরু হয়নি। কখন লঞ্চ চলাচল শুরু হবে তা বলা যাচ্ছে না।

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাটের বাণিজ্য বিভাগের ঘাট ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ জানান, ঘুর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের পদ্মা নদীতে তীব্র ঝড়ো বাতাসে শনিবার দিবাগত রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। দীর্ঘ ১১ ঘণ্টা পর রবিবার সকাল ৯টায় ফেরী চলাচল স্বাভাবিক হলে আবারো অবস্থার অবনতি হয়। পরে বেলা ১১টায়  বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ঘাট এলাকায় শতাধিক যাত্রীবাহী বাস নদী পাড়ের অপেক্ষায় রয়েছে।

ইত্তেফাক/এমআরএম