গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। হাজারও গাছপালা উপড়ে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। মৌসুমী ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
ঝড়ের সময় গাছ চাপা পড়ে সেকেল হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার বান্ধাবাড়ি গ্রামের মৃত হাসান উদ্দিন হাওলাদারের ছেলে।
রবিবার দুপুর ১২টার দিকে কোটালীপাড়ায় বুলবুলের তাণ্ডব শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী উপজেলার ১১টি ইউনিয়নে ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডব চলে। এ সময় উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকালে ৩ যুবক আটক
মাঝবাড়ি গ্রামের পোল্ট্রি খামারী ইমরান দাড়িয়া বলেন, ঝড়ে আমার মুরগির খামারের সেডটি বিধ্বস্ত হয়ে গেছে। খামারে ৬ হাজার মুরগি ছিল। অনেক মুরগি মারা গেছে।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান বলেন, ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ করছি। ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা করবো।
ইত্তেফাক/এসি