ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ঝড়ো হাওয়ায় বুড়িগঙ্গা নদীতে গরু নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে উপজেলার কামরাঙ্গীরচর এলাকায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।
জানা গেছে, ঝড়ো হওয়ায় ট্রলারটি ডুবে তিনটি গরু মারা যায়। এতে ট্রলারে থাকা দুই গরু ব্যবসায়ী আহত হয়ে সাঁতরিয়ে নদীর তীরে উঠে। এরপর এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আরও পড়ুন: বুলবুলের আঘাতে লণ্ডভণ্ড বেতাগী
কেরানীগঞ্জ মডেল থানার এসআই শ্যামল দত্ত জানান, ঝড়ো হাওয়ার কবলে পড়ে গরু বোঝায় ট্রলারটি নদীতে ডুবে গেছে। এ সময় গরু ব্যবসায়ীরা সাঁতারিয়ে উঠতে সক্ষম হলেও গরু বাঁধা থাকার কারণে গরু তিনটি মারা গেছে। ট্রলারটি নিখোঁজ রয়েছে।
প্রসঙ্গত, ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ৯ জেলায় নারীসহ ১০ জনের মৃত্যু হয়েছে। এতে প্রায় চার থেকে ৫ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় এক লাখ গাছ ভেঙ্গে গেছে। বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ ভেঙ্গে নিম্ন এলাকা প্লাবিত হয়েছে। ঝড়ে আমন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ইত্তেফাক/এএএম