সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে। এসময় তার দেহ তল্লাশি করে ভারতীয় জাল রুপি ও ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটক ভারতীয় নাগরিকের নাম ইব্রাহিম গাজী ছোট (২৯)। তিনি ভারতের চব্বিশ পরগনা জেলার সরুপনগর থানার দরকান্দা গ্রামের মৃত মনতাজ গাজীর ছেলে।
উপজেলার মাদরা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. শহিদুল ইসলাম জানান, গত রবিবার সন্ধ্যায় টহলরত বিজিবি সদস্যরা চান্দা গ্রামের মসজিদের পাশে অপরিচিত এক ব্যক্তিকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখতে পায়। এ সময় তাকে চ্যালেঞ্জ করলে সে পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৪৪ হাজার ভারতীয় জাল রুপি ও ১৫ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় তার সহযোগী কলারোয়া উপজেলার রাজাপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে গোলাম কিবরিয়া পালিয়ে যায়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনির উল গীয়াস জানান, অবৈধ অনুপ্রবেশ ও মাদক বহনের দায়ে ভারতীয় নাগরিকের নামে বিজিবি বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেছে। তাকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ