অপহরণের পর ৮দিন আটকে রেখে স্কুলছাত্রীকে ধর্ষণ

গাইবান্ধার সাঘাটায় অপহরণের পর ৮দিন আটকে রেখে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রিন্স মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার উপজেলার ভরতখালী ইউনিয়নের উল্যাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় অপহৃত ওই ছাত্রীকেও (১৩) পুলিশ উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত প্রিন্স মিয়া উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম রাঘবপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে ও ব্যাটারি চালিত ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন। অপহৃত ছাত্রী বোনারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সপ্তম শ্রেণীর ছাত্রী। 

বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক এনায়েত কবির জানান, ওই ছাত্রী গত ৩ নভেম্বর স্কুল ছুটির পর বাড়ি যাওয়ার জন্য রওনা দেয়। পথে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে নিজের ইজিবাইকে তুলে নেয় প্রিন্স। এদিকে ওই দিন সন্ধ্যা পর্যন্ত ওই ছাত্রী বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্নস্থানে খোঁজখবর নেওয়া শুরু করেন।  কিন্তু তার কোন সন্ধান পাওয়া যায়নি।

আরো পড়ুন: পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

তিনি আরও জানান, গতকাল রবিবার সকালে ওই ছাত্রী কৌশলে প্রিন্স মিয়ার মোবাইল ফোন থেকে তার মায়ের মোবাইলে কল করে ঘটনাটি জানান। পরে ওইদিনই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অপহরণ মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তথ্যপ্রযুক্তির সাহায্য নিয়ে তাদের অবস্থান নির্ণয় করে সোমবার সকালে উল্যাবাজার এলাকায় ওয়াহেদুল ইসলামের বাড়ি থেকে প্রিন্স মিয়াকে গ্রেপ্তার ও অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার করে।

তিনি বলেন, গাইবান্ধা আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি প্রদান ও ডাক্তারি পরীক্ষা করার জন্য অপহৃত স্কুলছাত্রীকে গাইবান্ধা পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমআর