মেসির হ্যাটট্রিক শীর্ষে ফিরল বার্সা

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসি মৌসুমের প্রথম হ্যাটট্রিক হাঁকিয়ে বার্সেলোনাকে জেতানোর পাশাপাশি স্প্যানিশ লিগের পয়েন্ট টেবিলেও শীর্ষে তুলে এনেছেন। ১২ খেলা শেষে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ সমান ২৫ পয়েন্টে থাকলেও গোল ব্যবধানে এগিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা। বার্সেলোনা গত রবিবার বাংলাদেশ সময় মধ্যরাতে খেলতে নামার আগে রিয়াল ৪-০ গোলে এইবার এর বিরুদ্ধে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল। কিন্তু কাতালান ক্লাবটি নিজেদের খেলায় ৪-১ গোলে সেল্টা ভিগোকে হারিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে চিরপ্রতিদ্বন্দ্বীদের হটিয়ে দেয়। মেসি এই রাতে যে হ্যাটট্রিক করেন, তার মধ্যে দুটি গোল আসে দুর্দান্ত ফ্রি-কিকে। দুটোতেই বাঁকানো শটে বল জালে পাঠান আর্জেন্টিনা অধিনায়ক। তার প্রথম গোলটি আসে পেনাল্টি থেকে। গোল তিনটির সুবাদে তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিক রেকর্ডে ভাগ বসান।

লা লিগায় এটি মেসির ৩৪তম হ্যাটট্রিক। এ নিয়ে লিগে ছয় ম্যাচে আট গোল করেছেন মেসি যার অর্ধেকই ফ্রি-কিকে। ন্যু ক্যাম্পে এ রাতে তার গোলগুলো আসে ২৩, ৪৫ ও ৪৮ মিনিটে। এরপর সার্জিও বুসকোয়েটস ৮৫ মিনিটে দলের শেষ গোলটি করেন। এল ক্ল্যাসিকোয় মুখোমুখি হওয়ার আগে লা লিগার দল দুটি এক অদৃশ্য নৈপুণ্যের প্রতিযোগিতায় আছে। এটি ধরা পড়ে সর্বশেষ খেলা দুটিতে তাদের গোলবন্যা দেখে।

এদিকে অধিনায়ক মেসির এমন নৈপুণ্যে তাকে উচ্ছ্বসিত প্রশংসায় ভাসিয়েছেন বার্সেলোনা কোচ আর্নেস্তো ভেলভার্দে। তিনি বলেন, ‘লিওকে দিয়ে যে কোনো কিছুই সম্ভব। ফ্রি-কিক নেওয়া হলো এমন কিছু যেটিতে সে দুর্দান্ত। এ কারণে প্রতিপক্ষ নিজেদের বক্সে ফাউল করতে পারে না। যদি তারা করে, আমরা চেষ্টা করি তার সুফল পেতে। মেসি, গোল করার পাশাপাশি খেলাটির প্রতিও তার দায়বদ্ধতা আছে।’

আগের সপ্তাহে লেভান্তের মাঠে হেরে গিয়েছিল বার্সেলোনা। এদিনের জয়ে ঘুরে দাঁড়ালো চ্যাম্পিয়নরা। সে প্রসঙ্গে ভেলভার্দের মত, ‘হারের পর জিততে পারাটা বেশ দারুণ। আমাদের মতো একটা দলের জন্য এটি তার চাইতেও বেশি। সেদিনের হারটি আমাদের জন্য ছিল বিপর্যয়কর। তাই আমাদের এ রাতে দরকার ছিল জয়টির।’

আন্তনিও গ্রিজমান সেল্টা ভিগোর বিরুদ্ধে নিষ্প্রভ ছিলেন। তাতে ভেলভার্দে দুশ্চিন্তায় নেই বলে জানিয়েছেন। বার্সেলোনা কোচ বলেন, ‘আমরা সবসময়ই ধৈর্যশীল। গ্রিজমান ও অন্যদের নিয়েও। আমাদের অনেক বিকল্প আছে এবং আমরা সে সব ব্যবস্থা নিয়েই চলেছি। এখনো অনেক খেলা আছে। খেলোয়াড়দের ভালো ও খারাপ সময়ে সমর্থন দিতে হবে।’