রাণীনগরে নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

রাণীনগরে নিখোঁজের তিন দিন পর হযরত আলী নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় মাঠের ভেতরের পুকুর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। হযরত আলী কালীগ্রাম দীঘিরপাড় গ্রামের মকবুল হোসেন ফকিরের ছেলে ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার হযরত আলী জুম্মার নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। তখন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। রবিবার কালীগ্রাম কসবাপাড়া-ভেবড়া সড়কের উত্তরে মাঠের যুগগাড়ী নামক পুকুরপাড়ে লোকজন লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। হযরত আলীর বাবা মকবুল হোসেন জানান, হযরত আলীর সঙ্গে স্থানীয়ভাবে কারো বিরোধ ছিল না।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। তার ডান পায়ে মাংস ছিল না। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে ছোটোখাটো ক্ষত ছিল।