নর্থ বেঙ্গল সুগার মিলে শ্রমিকের মৃত্যু

লালপুর (নাটোর) সংবাদদাতা

লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের কারখানায় ব্যাগাজ কেরিয়ারে কাজ করতে গিয়ে নিরঞ্জন সাহা নামের এক  শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নিরঞ্জন সাহা লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকার মধুবাড়ী মহল্লার মৃত বৈদ্যনাথ সাহার ছেলে। তিনি নর্থ বেঙ্গল সুগার মিলের মিল হাউজ ফিটার পদে কর্মরত ছিলেন।

মিল কর্তৃপক্ষ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মিল হাউজ ফিটার নিরঞ্জন সাহা কাজ করার সময় ব্যাগাজ কেরিয়ারে জড়িয়ে যান। সহযোগী শ্রমিকরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে নিরঞ্জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।