চট্টগ্রাম বিমানবন্দরে আট কেজি স্বর্ণের বার উদ্ধার

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ কেজি ২০০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টম হাউজ কর্তৃপক্ষ। সোমবার আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক জন যাত্রীর কাছে ঐ স্বর্ণের বার পাওয়া যায়। চট্টগ্রাম বিমানবন্দর নিরাপত্তা কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, বিমানবন্দর কাস্টমসের কাছে উপরোক্ত স্বর্ণের বারগুলো ধরা পড়ে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মো. আখতারুজ্জামান খান নামের এক যাত্রীর লাগেজে করে আনা চার্জড লাইটের ব্যাটারি রাখার চেম্বারে স্বর্ণের বারগুলো লুকানো ছিল। ঐ যাত্রীকে কাস্টমস কর্মকর্তারা আটক করেছেন। এ ব্যাপারে মামলা দায়ের করা হবে।