রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
রায়পুরার মাহমুদপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরির আঘাতে মো. মানিক মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক জনকে আটক করেছে। রবিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার রায়পুরা ইউনিয়নের মাহমুদপুর ঈদগাহ সংলগ্ন ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। নিহত মানিক একই এলাকার মৃত মুনতাজ মিয়ার ছেলে। এ ব্যাপারে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের ডা. লায়লা ইয়াছমিন বলেন, রাত সাড়ে ৯টার দিকে মানিককে স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। এর আগেই তিনি মারা যান।
রায়পুরার ওসি তদন্ত লুত্ফুর রহমান বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে এক জনকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।