লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়েছে ‘বাংলা বন্ড’

প্রথমবারের মতো লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়েছে ‘বাংলা বন্ড’। এই বন্ডের মাধ্যমে প্রাথমিকভাবে বাজার থেকে তোলা হবে সাড়ে ৯ কোটি মার্কিন ডলার। এই অর্থ ব্যয় হবে প্রাণ গ্রুপের পরিচালন ও বিপণন ব্যবস্থার উন্নয়নে।  গতকাল সোমবার বাংলা বন্ড এর তালিকাভুক্তি উপলক্ষ্যে লন্ডন স্টক এক্সচেঞ্জে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) ও লন্ডন স্টক এক্সচেঞ্জের যৌথ আয়োজনে ঐ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমও উপস্থিত ছিলেন।

এ সময় অর্থমন্ত্রী বরেন, এই বন্ডের মাধ্যমে বিদেশ থেকে যে অর্থ পাওয়া যাবে, তা দেশের বেসরকারি খাতকে অনেক দূর এগিয়ে নেবে। আগামীতে আরো ৩০০ মিলিয়ন ডলার (৩০ কোটি ডলার) আসবে। এই বন্ডে কী রকম সাড়া পাওয়া যায়, তার উপর ভিত্তি করে পরবর্তী বন্ড ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। তিনি বলেন, আজকের দিনটি আমাদের জন্য গৌরবের। বঙ্গবন্ধু বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখেছিলেন। সেই চিন্তার আদলে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা প্রথমবারের মত লন্ডন স্টক এক্সচেঞ্জে একটি বন্ড নিয়ে আসতে পরেছি। পর্যায়ক্রমে আরো বন্ড আনব। বন্ড অর্থায়ন ভালো বিকল্প হতে পারে উল্লেখ করে তিনি বলেন, আমাদের ব্যাংক ঋণ ছিলো। সেখানে অনেক সমস্যা আছে। আমরা সবাই এখন চাইছি ব্যাংকগুলোর ওপর আর চাপ না বাড়াতে।

সূত্র জানিয়েছে, ২০১৫ সালে বিশ্ব ব্যাংক-আইএমএফের বার্ষিক সভায় বিষয়টি আনুষ্ঠানিকভাবে আলোচনায় আসে। প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনুমোদনের পর আইএফসির ঐ প্রস্তাব অনুমোদন করা হয়।

এই বন্ডের মাধ্যমে বাজার থেকে যে অর্থ পাওয়া যাবে, তা থেকে প্রাণ এগ্রো ও নাটোর এগ্রো ৮০ কোটি টাকা ঋণ পাবে। সুদের হার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৯ দশমিক ৭৫ শতাংশ। এ ঋণ তিন ও পাঁচ বছরে তাদের পরিশোধ করতে হবে।