পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সিএসই অনুষদের স্বতন্ত্র ইউনিটসহ ৯ দফা দাবিতে চলমান ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে ওঠেছে ক্যাম্পাস। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল সোমবার ফের প্রশাসনিক ভবন তালাবদ্ধ করে প্রধান গেটে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করায় উপাচার্য-রেজিস্ট্রার কার্যালয়ের সকল-কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন অবরুদ্ধ হয়ে পড়েছে।
সমাবেশে আবদুল্লাহ মো. নাঈম, ইসরাক বিশাল, তানভির আহম্মেদ খান, মো. ইমরান খান বলেন, সিএসই অনুষদের স্বতন্ত্র ইউনিট হিসেবে স্বীকৃতি, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ন্যূনতম জিপিএ ৮, ভর্তি পরীক্ষায় সম্পূর্ণ বিবরণসহ নম্বর প্রকাশ, নতুন ইঞ্জিনিয়ারিং বিষয় খোলা, ক্লাসরুম, শিক্ষক ও ল্যাব সংকট দূর করাসহ একাডেমিক সকল কার্যক্রম অটোমেশন করতে হবে। দাবি মানা না হলে সকল ধরনের ক্লাস পরীক্ষা বর্জনসহ আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। এর আগে গত ৭ নভেম্বর রেজিস্ট্রারের কাছে ৯ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করা হয়। রেজিস্ট্রার অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত এ ব্যাপারে কোনো বক্তব্য দিতে অনীহা প্রকাশ করেন।